ভারতে প্রতি বছর ৫ হাজার শিক্ষার্থীকে বিনা মূল্যে অনলাইন কোচিং দেবে সরকার
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে ন অনগ্রসর শ্রেণির (OBC) শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫ হাজার জনPIয়ে
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে ভারত সরকার। দেশটির তফসিলি জাতি (SC) ও অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫ হাজার জনকে বিনা মূল্যে অনলাইন কোচিং দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি ভারতের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এ কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রণালয়ের অধীন সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন বিভাগ এবং ফিজিক্স ওয়ালাহ (Physics Wallah) ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এ উদ্যোগের আওতায় শিক্ষার্থীরা সিভিল সার্ভিস, স্টাফ সিলেকশন কমিশন (SSC) এবং বিভিন্ন ব্যাংকিং পরীক্ষার প্রস্তুতির জন্য বিনা মূল্যে অনলাইন কোচিংয়ের সুযোগ পাবেন।
কোচিং কার্যক্রমে সরাসরি ও রেকর্ড করা ক্লাস, মডেল টেস্ট, বিগত বছরের প্রশ্নপত্র, প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী, মেন্টরশিপ, প্রশ্নোত্তর সহায়তা এবং পরামর্শসেবা অন্তর্ভুক্ত থাকবে।
সরকারি তথ্য অনুযায়ী, শুধু SC ও OBC শিক্ষার্থীরাই নন, PM CARES for Children প্রকল্পের আওতাভুক্ত সুবিধাভোগীরাও এ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। তবে শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে মেধাভিত্তিক পদ্ধতি অনুসরণ করা হবে। এ জন্য একটি নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে উপযুক্ত প্রার্থী নির্বাচন করা হবে।
ভারত সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ বাড়ানো এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করা।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
সূত্র: ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) ও এনডিটিভি।


0 Comments